• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ আগষ্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ‘পেট্রোল বোমা’ হামলা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩২ পিএম;
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ‘পেট্রোল বোমা’ হামলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের শহরের বাড়িতে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় তার পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু ছুড়ে মারে। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং আলামত সংগ্রহের চেষ্টা চালায়। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গেটে নিক্ষিপ্ত বস্তুটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতামত পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, এদিন দিল্লিতে অনুষ্ঠিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনলাইনে অংশ নেন সাকিব আল হাসান। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটলেও সাকিবের বাড়িতে এই প্রথম এমন অভিযোগ উঠল।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন