সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় শীর্ষে শাহরুখ খান
বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন। শুধু সিনেমার পর্দায় নয়, ব্র্যান্ড মূল্যেও ভারতের সবচেয়ে বড় সেলিব্রিটি হিসেবে শীর্ষে উঠে এসেছেন তিনি।
ক্রল ইন্ডিয়ার সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন ২০২৫ প্রতিবেদন অনুযায়ী, ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ড এখন শাহরুখ খান। তার বর্তমান ব্র্যান্ড মূল্য ১৭৭.৯ মিলিয়ন মার্কিন ডলার।
২০২৪ সালের তালিকায় শাহরুখ ছিলেন তৃতীয় স্থানে। তবে এক বছরের ব্যবধানে দুই ধাপ এগিয়ে এবার তিনি দখল করেছেন প্রথম স্থান।
দীর্ঘ ক্যারিয়ার, সিনেমার জনপ্রিয়তা, বিজ্ঞাপনী চুক্তি এবং বিশ্বজুড়ে ভক্তদের প্রভাব—সব মিলিয়ে তার ব্র্যান্ড মূল্য বেড়েছে।
গতবারের শীর্ষে থাকা ক্রিকেট তারকা বিরাট কোহলি এবার নেমে গেছেন তৃতীয় স্থানে। তার ব্র্যান্ড মূল্য বর্তমানে ১৫৮.৪ মিলিয়ন ডলার।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং।
তার ব্র্যান্ড মূল্য ১৬২.৯ মিলিয়ন ডলার।
দুই বছরে বেড়েছে শাহরুখের ব্র্যান্ড মূল্য
প্রতিবেদন অনুযায়ী, গত দুই বছরে শাহরুখ খানের ব্র্যান্ড মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালে তার ব্র্যান্ড মূল্য ছিল ১২০.৭ মিলিয়ন ডলার। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭.৯ মিলিয়ন ডলারে।
অন্যদিকে, ২০২৩ সালে বিরাট কোহলির ব্র্যান্ড মূল্য ছিল ২২৭.৯ মিলিয়ন ডলার।
তবে বর্তমানে তা কমে ১৫৮.৪ মিলিয়ন ডলারে এসেছে।
কিভাবে তৈরি হয় এই তালিকা?
সেলিব্রিটি ব্র্যান্ডের এই র্যাংকিং তৈরি করা হয় তারকাদের বিজ্ঞাপনী চুক্তি, ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক, জনপ্রিয়তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবের ওপর ভিত্তি করে।
২০২৫ সালে ভারতের শীর্ষ ২৫ জন সেলিব্রিটির মোট ব্র্যান্ড মূল্য ছিল প্রায় ২ বিলিয়ন ডলার। যদিও আগের বছরের তুলনায় এটি ৩.৭ শতাংশ কম, তবে ২০২৩ সালের তুলনায় এখনো বেশি।
শীর্ষ তালিকায় শচীন-ধোনির উন্নতি
শীর্ষ ১০ সেলিব্রিটির তালিকায় ক্রিকেটারদের অবস্থানও বেশ শক্তিশালী।
ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার পঞ্চম স্থান থেকে উঠে চতুর্থ স্থানে এসেছেন। তার ব্র্যান্ড মূল্য ১২৫.৯ মিলিয়ন ডলার।
সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সপ্তম স্থান থেকে উঠে পঞ্চম স্থানে জায়গা করেছেন। তার ব্র্যান্ড মূল্য ১১৫.৩ মিলিয়ন ডলার।
আলিয়া ভাট শীর্ষ নারী তারকা
নারী তারকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন আলিয়া ভাট। তিনি তালিকার ষষ্ঠ স্থানে আছেন, তার ব্র্যান্ড মূল্য ৯৩.৯ মিলিয়ন ডলার।
এরপর রয়েছেন দীপিকা পাড়ুকোন। তিনি সপ্তম স্থানে আছেন, তার ব্র্যান্ড মূল্য ৮৯.২ মিলিয়ন ডলার।
এ ছাড়া হৃতিক রোশন অষ্টম, অমিতাভ বচ্চন নবম এবং অক্ষয় কুমার ও রণবীর কাপুর যৌথভাবে দশম স্থানে রয়েছেন।
যাদের অবস্থান এগিয়েছে
২০২৫ সালের তালিকায় বেশ কিছু তারকার অবস্থানের উন্নতি হয়েছে। শ্রদ্ধা কাপুর ৩৩তম স্থান থেকে উঠে ২৪তম স্থানে এসেছেন। সামান্থা রুথ প্রভু ২৮তম থেকে ২১তম এবং অনন্যা পাণ্ডে ২৫তম থেকে ১৯তম স্থানে উঠেছেন।
এ ছাড়া জানভি কাপুর, রাশমিকা মান্দানা, সালমান খান ও রোহিত শর্মার অবস্থানও আগের তুলনায় ভালো হয়েছে।
আনুষ্কার বড় পতন
শীর্ষ ২৫ তারকার মধ্যে সবচেয়ে বেশি পিছিয়েছেন অভিনেত্রী আনুষ্কা শার্মা। তিনি ১৭তম স্থান থেকে নেমে ২৫তম স্থানে চলে গেছেন।
এ ছাড়া কারিনা কাপুর ১১তম থেকে ১৫তম, কিয়ারা আদভানি ১৩তম থেকে ১৭তম ও কার্তিক আরিয়ানের অবস্থান ১৪তম থেকে ১৬তম স্থানে নেমেছেন।
তালিকায় ক্রিকেটারদের দাপট
২০২৫ সালের তালিকায় ১৩ জন পুরুষ ও ১২ জন নারী তারকা রয়েছেন। তবে শীর্ষ পাঁচটি স্থানই দখলে রেখেছেন পুরুষ তারকারা।
ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি শীর্ষ পাঁচে রয়েছেন। এছাড়া রোহিত শর্মা ১৪তম এবং জাসপ্রিত বুমরাহ ২০তম স্থানে আছেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বর্তমানে সেলিব্রিটিদের ব্র্যান্ড মূল্য বাড়াতে ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের জনপ্রিয়তা ও ভক্তদের সঙ্গে যোগাযোগ এখন বিজ্ঞাপনী বাজারে বড় প্রভাব ফেলছে। ২০২৫ সালে অনেক শীর্ষ তারকার মোট ব্র্যান্ড সহযোগিতার ৬০ থেকে ৭৫ শতাংশই এসেছে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: