• ঢাকা
  • শনিবার, ১৫ আগষ্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েও বৈঠক থেকে বের করে দিল জবি প্রশাসন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৭ পিএম;
সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েও বৈঠক থেকে বের করে দিল জবি প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’-এর অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে আয়োজিত জরুরি বৈঠকে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েও প্রবেশ করতে দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৪ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা তৈরি হয়। ঘটনাটির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মীমাংসা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় সংসদ সদস্য, পুরান ঢাকার গণ্যমান্য ব্যক্তি ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে উপাচার্যের কার্যালয়ে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে গণমাধ্যমের সম্পাদকদের কাছে একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে ওই বৈঠকের সংবাদ ও চিত্রগ্রহণের জন্য সংবাদকর্মীদের উপস্থিতি কামনা করা হয়।

তবে নির্ধারিত সময়ে সাংবাদিকেরা কনফারেন্স রুমে উপস্থিত হলে তাদের জানানো হয়, সভাটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। এ সময় কক্ষে অবস্থানরত সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে তাদের কক্ষ থেকে বের করে দেওয়া হয়। বাইরে অবস্থানরত অন্য সাংবাদিকদেরও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জবি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. রোকুনুজ্জামান গোলাম রাব্বী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর পর সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া গণমাধ্যমের প্রতি চরম অসম্মান। স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে জবি প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ আনওয়ারুস সালাম বলেন, ‘বিষয়টি মূলত ভুল-বোঝাবুঝির কারণে হয়েছে। বৈঠকটি ক্লোজড ডোর (রুদ্ধদ্বার) হওয়ায় সেখানে সাংবাদিকদের প্রবেশের সুযোগ ছিল না।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন