মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন নিহত, শহরে উত্তেজনা
সিনিয়র স্টাফ রিপোর্টার :
মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাকের হোসেন বুধবার ভোর পাঁচটায় মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে কর্তব্যরত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন । নিহত শাকেরের বাড়ি মাগুরা পৌরসভার ৫ নং ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামের বেপারীপাড়ায়।
স্থানীয়রা জানায়, শাকের মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেস এর কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিল। বুধবার ভোরবেলা ডিউটিরত অবস্থায় দুজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে সেখানে উপস্থিত হয়। ভোর পাঁচটার দিকে দুজন ব্যক্তি মোটরসাইকেলে কাউন্টারের সামনে আসে। এ সময় বাইরে মোটরসাইকেলে অপেক্ষা করতে থাকে অপরজন ভিতরে প্রবেশ করে। বাইরে অপেক্ষারত ব্যক্তি মোটরসাইকেলে উচ্চ শব্দ শুরু করে । এমতাবস্থায় তাকে গুলি করে পালিয়ে যায়।
এ বিষয়ে শাকেরের মামা রানা মোল্লা জানান, আমার ভাগ্নে বুধবার ভোর পাঁচটার পর তার নিজ কাউন্টার রয়েলে অবস্থান করছিল। এ সময় বাইরে থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তার মাথার পিছনে একটি ছিদ্র সনাক্ত করে। ধারণা করা হচ্ছে তাকে মাথার পিছনে গুলি করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে প্রকৃত আসামিকে খুঁজে আইনের আওতায় আনা হোক।
এদিকে, কাউন্টার মাস্টার সাকেরের মৃত্যুতে মাগুরা বাস টার্মিনালের কাউন্টার মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন রাস্তা অবরোধ ও কাউন্টার বন্ধ করে দিয়েছে। সকাল ৭ টা থেকে মাগুরা টার্মিনালের মাগুরা- ফরিদপুর সড়ক,ঢাকা রোড ও ভায়না এলাকায় মাগুরা- যশোর সড়ক বাস রাস্তার রেখে সড়ক অবরোধ করে মোটর শ্রমিক ইউনিয়নের বিক্ষিপ্ত জনতা। এ সময় তারা সাকেরের মৃত্যুর খুনিদের বের করে আইনের আওতায় আনার দাবি করেন প্রশাসনের কাছে । এ সময় সড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রীরা পড়েন ভোগান্তিতে।
এ ঘটনায় মাগুরা পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি পুলিশ,গোয়েন্দা পুলিশ, সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন। গোয়েন্দার তদন্ত দল স্থলে পৌঁছে ঘটনাস্থল সনাক্ত করে স্থানীয়দের নিকট থেকে তথ্য সংগ্রহ শুরু করেছেন ।
এদিকে নিহত শাকেরের মরদেহ স্থানীয় মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্য ডাক্তার মইনুল ইসলাম মাথায় গুলিবিদ্ধ অবস্থায় শনাক্ত করে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা স্থলে পুলিশের গোয়েন্দা বিভাগ, সিআইডিসহ একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে রয়েছে। ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
এদিকে ঘটনার পর, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় উত্তেজিত না হয়ে মটর শ্রমিক ও এলাকাবাসীকে শান্ত থাকার পরামর্শ দেন তিনি। শাকেরের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ একাধিক টিম কাজ করছে। তিনি আরো জানান,আমি পুলিশকে শাকেরের মৃত্যুর ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: