মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতার জানাজা সম্পন্ন
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত কোরকদি ইউনিয়ন যুবদলের কর্মী সজিব মীর (৩০)-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই ২০২৬) বাদ আছর উপজেলার উজানদিয়া ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং নানা শ্রেণি ও পেশার কয়েক শত মানুষ অংশ নেন।
জানাজায় উপস্থিত মুসল্লীগণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বুধবার সকাল ৬টার দিকে উপজেলার কামারখালী টোল প্লাজার পাশে ব্যাটারি চালিত ভ্যানে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক সজিব মীরকে চাপা দেয়। ট্রাকটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরহুম সজিব মীর মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়ন যুবদলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি সাত বছরের একটি ছেলে এবং মাত্র দুই মাস বয়সী একটি কন্যা সন্তান রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: