জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে
জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের বক্তব্যকে ‘জঘন্য মিথ্যাচার’ আখ্যা দিয়ে বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একই ধরনের ‘গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডা’ ছড়ানো শিখেছে।
সোমবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান এসব মন্তব্য করেন।
রাশেদ খান লেখেন, ‘জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ৬ মাসে ৫১২ জন গুম হয়েছে বলে দাবি করেছেন। এ দাবির সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা পাশে দাঁড়িয়ে ছিলেন। এই জঘন্য মিথ্যাচারের বিষয়ে কেউ কোনো টুঁ শব্দ করেনি!'
জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, ‘জামায়াতের নেতারা ঠিক এভাবেই আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য প্রচার করেন। কিন্তু জামায়াতের মতো একটি ইসলামিক দলের নেতারা যদি টুপি খুলে মিথ্যা বলেন, সেটিও না হয় সহ্য করা যায়! কিন্তু কীভাবে তারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করেন?’
এনসিপির সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘আর নতুন বন্দোবস্তের দল এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে ঠিক এই রকম মিথ্যাচার শিখেছে। আজকে নাকি তারা সরকারের ১৮০ দিনের ব্যর্থতা সংবাদ সম্মেলন করে তুলে ধরবে! এনসিপি নেতাদের বক্তব্যও ঠিক হামিদুর রহমান আজাদের মতোই অপতথ্যে ভরপুর থাকে।’
জামায়াত ও এনসিপিকে নিয়ে মানুষের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে দাবি করে তিনি আরও বলেন, ‘এজন্যই মানুষজন বলা শুরু করেছে, আত্মবিশ্বাসের সঙ্গে গুজব, মিথ্যা ও প্রপাগান্ডা প্রচারে জামায়াত-এনসিপি ইতোমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে।’
বিরোধী দলের কর্মকাণ্ডেরও মূল্যায়ন প্রয়োজন বলে মন্তব্য করে রাশেদ খান লেখেন, ‘হ্যাঁ, এজন্যই বলি, সরকারি দলের ১৮০ দিনের মূল্যায়ন যেমন দরকার, ঠিক বিরোধী দল ছয় মাসে কী কী গুজব, প্রপাগান্ডা ও ঘৃণা ছড়িয়েছে, তারও মূল্যায়ন দরকার।’
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- মিথ্যা শুরু করে
- এনসিপিও শিখেছে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: