পটুয়াখালীতে ১৬ আগস্ট থেকে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন
লিটু দেবনাথ, পটুয়াখালী জেলা প্রতিনিধি :
"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ,
সবার আগে বাংলাদেশ" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে শুরু হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। আগামী ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হবে।
দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও টেকসই উন্নয়নের অঙ্গীকার নিয়ে প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিন দিনব্যাপী কর্মসূচি
১৬ আগস্ট, রবিবার সকাল ৯টায় সড়ক র্যালির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের কার্যক্রম শুরু হবে। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে সার্কিট হাউস সংলগ্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হবে। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
১৭ আগস্ট, সোমবার সকাল ১১টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা ৪৫ মিনিটে জনসম্মুখে প্রামাণ্যচিত্র প্রদর্শনের কর্মসূচি রয়েছে।
১৮ আগস্ট, মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভা লেকে মৎস্যজীবীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে নানা আয়োজন
১৬ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে সকাল ৯টায় র্যালি, ৯টা ৩০ মিনিটে পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ এবং অতিথিদের আগমন ও অভ্যর্থনার পর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পবিত্র গ্রন্থ থেকে পাঠ, স্বাগত বক্তব্য, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য ও শুভ উদ্বোধন এবং মৎস্য সংক্রান্ত বিষয়ে পুরস্কার বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
জেলা মৎস্য অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জাতীয় মৎস্য পক্ষের এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের সচেতনতা বৃদ্ধিতেও এ আয়োজন কার্যকর ভূমিকা রাখবে।
আয়োজনে: জেলা মৎস্য অফিস, পটুয়াখালী।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: