• ঢাকা
  • শুক্রবার, ১৪ আগষ্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পূর্বধলায় পিকআপ ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৬


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০৪ পিএম;
পূর্বধলায় পিকআপ ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৬

মো:সাখাওয়াত হোসেন মামুন, 
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :

 

নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও ৫-৬ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট/২৬) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা যাত্রীদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন পুরুষের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, পিকআপভ্যানটি ভক্তদের নিয়ে নেত্রকোনার মদনপুর এলাকায় একটি ওরস মাহফিল এ যাচ্ছিল। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় গুরুতর আহত ৫-৬ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা জেলা হাসপাতালে তাৎক্ষণিক পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে কিছুক্ষণ  বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন,ও শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মো: আমিনুল ইসলাম  জানান,  দুর্ঘটনায় গুরুতর আহত ৫ থেকে ৬ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন