তালতলীতে মাটির রাস্তার বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবিতে মানবাধিকার সংস্থায় এলাকাবাসীর অভিযোগ
তালতলী উপজেলা প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর নলবুনিয়া এলাকার মাটির রাস্তাটি দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সরকারি সংস্কারের কোনো ছোঁয়া না পাওয়ায় সম্পূর্ণ কাঁচা এই সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও গভীর খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তাজুড়ে কাদাপানি একাকার হয়ে সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তাটি পাকা বা প্রয়োজনীয় সংস্কার না করায় বর্তমানে এটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে কাদার সৃষ্টি হয়ে যানবাহনের চাকা দেবে যাওয়ায় কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারে না। ফলে কোমলমতি শিক্ষার্থী, মুমূর্ষু রোগী ও কৃষকসহ প্রতিদিন যাতায়াতকারী হাজারো মানুষকে চরম ঝুঁকি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে কোনো রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে, পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিয়ে বিক্রি করতেও কৃষকদের অতিরিক্ত খরচ ও কষ্ট পোহাতে হচ্ছে।
দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবং সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা (তালতলী উপজেলা)-র নেতৃবৃন্দের কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। মানুষের মৌলিক যাতায়াত অধিকার রক্ষায় বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ জানান তারা।
এলাকাবাসীর এই যুক্তিসঙ্গত দাবি আদায়ে এবং সরজমিনে দুর্ভোগ দেখতে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার প্রতিনিধিরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তাদের উপস্থিতিতে ভুক্তভোগী সাধারণ মানুষ একত্রিত হয়ে রাস্তা সংস্কারের জোর দাবি জানান।
এ বিষয়ে সংস্থার প্রতিনিধিরা জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তারা সরজমিনে রাস্তাটির বেহাল দশা দেখেছেন। সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে এবং নিরাপদ চলাচলের অধিকার নিশ্চিত করতে দ্রুত সড়কটি টেকসই সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু কার্যকর হস্তক্ষেপ জোর দাবি জানান তারা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: