পটুয়াখালীর বাউফলে বাসে ওঠার পর নিখোঁজ ব্যবসায়ী, ১২ দিনেও মেলেনি সন্ধান
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাউফল রক্ষাচণ্ডী মন্দিরের সহসভাপতি সমীর বণিক (৩৭)। গত ১৯ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশ্যে বাসে ওঠার পর থেকেই তার কোনো খোঁজ মিলছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রযুক্তিগত সহায়তার চেষ্টা চললেও এখনো তার সন্ধান না পাওয়ায় পরিবার এবং স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর বগা ফেরিঘাট থেকে ‘দশমিনা ট্রাভেলস’ নামের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সমীর। বাসে ওঠার পর রাত ২টার দিকে তার বোন পূজার মোবাইল ফোনে একটি বার্তা আসে, যেখানে লেখা ছিল—‘কিরে ঘুমাইছো?’
পরদিন বিকেলে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। ওই সময় তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানান। তবে এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
ঘটনার পর সমীরের ভাই সঞ্জিব বণিক বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সমীর বগা বন্দরের একজন পরিচিত ব্যবসায়ী। বগা বন্দর ও লঞ্চঘাট এলাকায় ‘লোকনাথ ভান্ডার’সহ তার কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
সমীরের প্রতিষ্ঠানের কর্মচারী কামরুল ইসলাম জানান, বাসে ওঠার আগে সমীরকে একজনের সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায়। ওই সময় তিনি অপর প্রান্তের ব্যক্তিকে বলেছিলেন, ‘আপনি ওখানে থাইকেন, আমি আসতেছি।’ এই ব্যক্তিটি আসলে কে ছিলেন, তা নিয়ে পরিবারের মনে নানা প্রশ্ন ও রহস্য তৈরি হয়েছে।
পরিবার জানায়, প্রযুক্তিগত সহায়তায় সমীরের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান সাতক্ষীরায় শনাক্ত করা হয়েছিল। এর বাইরে আর কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া সমীর ঢাকার একটি প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত পণ্য ক্রয় করতেন এবং ওই প্রতিষ্ঠানে তার প্রায় ৫ কোটি টাকা অগ্রিম জমা ছিল বলে পরিবার জানতে পেরেছে। তবে এই বড় অংকের আর্থিক লেনদেনের সঙ্গে তার নিখোঁজ হওয়ার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না স্বজনরা।
সমীর বণিকের এমন আকস্মিক নিখোঁজে স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানোসহ প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: