• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ আগষ্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

স্বামীর মৃত্যুতে দীপু মনির প্যারোলে মুক্তি আজ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪২ এএম;
স্বামীর মৃত্যুতে দীপু মনির প্যারোলে মুক্তি আজ

১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন

স্বামীর মৃত্যুতে দীপু মনির প্যারোলে মুক্তি আজ

 

স্বামীর মৃত্যুতে মানবিক বিবেচনায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করা হয়েছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এই আবেদন মঞ্জুর করেন। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজের মৃত্যুতে তাঁদের মেয়ে তানি দীপাবলি নাওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে বিধিমালা মোতাবেক ১২ ঘণ্টার জন্য মুক্তির এই আদেশ প্রদান করা হয়। গতকাল বুধবার দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদনটি করেন তানি। আবেদনের বিষয়টি পর্যালোচনা করে ১৮৯৪ সালের কারাবিধি আইন মোতাবেক এই মুক্তির আদেশ প্রদান করেন জেলা প্রশাসক।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন মামলার আসামি হয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তৌফীক নাওয়াজ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।

আদেশে বলা হয়, প্যারোলে মুক্তির সময়সীমা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্যারোলে থাকাকালে বন্দিকে
সার্বক্ষণিক প্রহরায় রাখতে হবে। কারাগার ফটক থেকে পুলিশ প্যারোলে মুক্ত বন্দিকে বুঝে নেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁকে কারাগারে ফেরত দেবে। বৃহস্পতিবার সকাল ৬টায় দীপু মনিকে পুলিশ ঢাকায় নিয়ে যাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবার মুন্সীগঞ্জ কারাগারে ফেরত দেবে।

ফয়সাল ইসলাম বলেন, ‘আমরা চার
দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম।

জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন।
ডা. দীপু মনি দুই বছর ধরে কারাগারে
আছেন। এর আগে তাঁর স্বামী অসুস্থ ছিলেন দীর্ঘদিন। আমরা একাধিকবার কারাগারের বাইরে দেখা করার অনুমতি চেয়েছিলাম। কিন্তু অনুমতি মেলেনি।’

তিনি বলেন, ‘সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে দীপু মনিকে ঢাকার কলাবাগানে নিজ বাসভবনে আনা হবে। সেখানে তিনি ব্যারিস্টার তৌফীক নাওয়াজের মরদেহ দেখবেন। পরে তৌফীক নাওয়াজের মরদেহ নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। জোহরের নামাজের পর সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানীর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।’

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন