• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

হারানো ৩৫ মোবাইল ও প্রতারণার ৫০ হাজার টাকা উদ্ধার করে ফেরত দিল মাগুরা পুলিশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩২ পিএম;
হারানো ৩৫ মোবাইল ও প্রতারণার ৫০ হাজার টাকা উদ্ধার করে ফেরত দিল মাগুরা পুলিশ

হারানো ৩৫ মোবাইল ও প্রতারণার ৫০ হাজার টাকা উদ্ধার করে ফেরত দিল মাগুরা জেলা পুলিশ
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া ও প্রতারণার শিকার হওয়া নাগরিকদের সম্পদ উদ্ধার করে আবারও প্রশংসা কুড়িয়েছে মাগুরা জেলা পুলিশ। জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক অভিযানে একটি আইফোনসহ ৩৫টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকালে উদ্ধারকৃত এসব মালামাল ও অর্থ প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত জুন মাসজুড়ে জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তিগত অনুসন্ধান চালায়। দীর্ঘ প্রচেষ্টায় উদ্ধার করা হয় আইফোনসহ মোট ৩৫টি মোবাইল ফোন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা। একই সঙ্গে বিকাশ প্রতারণার শিকার এক ভুক্তভোগীর খোয়া যাওয়া ৫০ হাজার টাকাও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত থেকে মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়; ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন এবং গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের অন্যতম মাধ্যম। ফলে মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারানো মোবাইল উদ্ধার, আর্থিক প্রতারণা প্রতিরোধ এবং সাইবার অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, সাইবার অপরাধের ধরন দিন দিন পরিবর্তিত হচ্ছে। এসব অপরাধ মোকাবিলায় দক্ষ জনবল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে জেলা পুলিশের বিশেষ ইউনিটগুলো কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনেকেই জানান, হারানো ফোন ফিরে পাওয়ার আশা তারা ছেড়েই দিয়েছিলেন। জেলা পুলিশের আন্তরিকতা ও প্রযুক্তিনির্ভর তৎপরতার কারণেই তাদের মূল্যবান সম্পদ ফেরত পাওয়া সম্ভব হয়েছে।

জেলা পুলিশ জানায়, মোবাইল ট্র্যাকিং, ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে এই উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি ফেসবুককেন্দ্রিক অপরাধ, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং প্রতারণা এবং অন্যান্য সাইবার অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এছাড়া ক্লুলেস হত্যা, ডাকাতি ও চুরি মামলার রহস্য উদ্ঘাটন এবং অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারেও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান (পিপিএম), জেলার চার থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জনবান্ধব পুলিশিং, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং নাগরিক সেবার প্রতি অঙ্গীকারের কারণে মাগুরা জেলা পুলিশের এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আস্থা ও ইতিবাচক সাড়া ফেলেছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন