বোয়ালমারীতে ফ্যামিলি কার্ডের শুমারির আবেদন ঘিরে জামায়াত নেতার সুপারিশপত্র ভাইরাল
ফরিদপুরের বোয়ালমারীতে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির শুমারিতে তথ্য সংগ্রহকারীর আবেদনকে কেন্দ্র করে এক জামায়াত নেতার সুপারিশসংবলিত আবেদনপত্রের ফটোকপি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল থেকে আবেদনপত্রটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ভাইরাল আবেদনপত্রে দেখা যায়, গুণবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুর রউফের ছেলে মো. আব্বাছ তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেছেন। আবেদনপত্রে উপজেলা জামায়াতে ইসলামীর আমীরের সুপারিশ রয়েছে বলে দাবি করা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, আব্বাছ জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত।
এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, “ফ্যামিলি কার্ডের মতো সরকারি কর্মসূচিতে কোনো রাজনৈতিক সুপারিশ গ্রহণ করা উচিত নয়। যাদের অভিজ্ঞতা, দক্ষতা ও যোগ্যতা রয়েছে, তাদেরই নিয়োগ দেওয়া উচিত। আমাদের দলের কেউ সুপারিশ করলেও সেটিও বিবেচনায় না নেওয়াই ভালো।”
অভিযোগের বিষয়ে আবেদনকারী মো. আব্বাছের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা জামায়াতের আমীর মু. বিলাল হোসাইন ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে আবেদনকারীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পৌর জামায়াতের আমীর সৈয়দ নিয়ামুল হাসানও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম জানান, আবেদন যাচাই-বাছাই ও নিয়োগের দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সম্পন্ন হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে অনেক আবেদন জমা পড়েছে। নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। তিনি আরও বলেন, আবেদনপত্রে কোনো ব্যক্তি, রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধির সুপারিশের সুযোগ নেই। কেউ এ ধরনের সুপারিশ সংযুক্ত করলে তা বিধিবহির্ভূত এবং সংশ্লিষ্ট প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারে। নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বা সুপারিশ বিবেচনা করা হবে না।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: