• ঢাকা
  • বুধবার, ২৬ আগষ্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৬ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৮ এএম;
অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে চোরেরা বাড়ির বিদ্যুতের মূল সংযোগের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু।

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় ‘কামরাঙ্গা’ নামে পরিচিত বাবুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

অভিনেতা জানান, তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন। মাসে এক-দুবার গ্রামের বাড়িতে আসেন। প্রায় ১৫ দিন আগে বাড়িতে এসে দুই দিন অবস্থান করে আবার ঢাকায় চলে যান। সোমবার (২৪ আগস্ট) রাতে বাড়িতে ফিরে লাইট জ্বালাতে গিয়ে দেখেন বিদ্যুৎ নেই। 

পরে বাইরে গিয়ে দেখতে পান, বিদ্যুতের মেইন লাইনের তার চুরি হয়ে গেছে। এরপর ছাদে গিয়ে দেখতে পান, এসির তারও নেই। এছাড়া বাইরে থাকা আরও কিছু মালামালও চুরি হয়েছে। তিনি জানান, খোঁজ নিয়ে জানতে পারেন, শুধু তার বাড়িতেই নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একইভাবে বিদ্যুতের তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিজে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন বলে জানান ফজলুর রহমান বাবু।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু তার বাসভবনে বিদ্যুতের তার চুরির ঘটনায় থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন