হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চর হরিরামপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চল মুন্সিরচর বাজারে এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া ব্যক্তি কবির খান (৪৫), তিনি চর সালেপুর গ্রামের বাসিন্দা এবং চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে চরভদ্রাসন থানা একটি মামলা রয়েছে।এ ছাড়া স্থানীয়ভাবে ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ভোরে উপপরিদর্শক (এসআই) রফিকুজ্জামানের নেতৃত্বে একটি দল ছদ্মবেশে মুন্সিরচর বাজার এলাকায় অবস্থান নেয়। পরে অভিযান চালিয়ে কবির খানকে আটক করে তার হাতে হাতকড়া পরানো হয়। এ সময় বাজারে সাধারণ মানুষের উপস্থিতি ছিল। পুলিশ তাকে মোটরসাইকেলে তুলে থানায় নেওয়ার প্রস্তুতি নিলে তার বড় ভাই সূর্য খান বাধা দেন। পরে ১০-১৫ জন স্বজন ও অনুসারী ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। ধস্তাধস্তির মধ্যে হাতকড়া পরা অবস্থাতেই কবির খানকে ছিনিয়ে নেওয়া হয়।
হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে এসআই রফিকুজ্জামানের ডান হাত জখম হয়। আহত অন্য সদস্যরা হলেন এসআই কাজী রিপন হোসেন, এসআই মোজাম্মেল হক, এএসআই গাজী সোহেল রানা ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। তাদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবাই এখন আশঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুক্ষণ পর কবির খানকে হাতকড়া ছাড়া বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে একটি পরিত্যক্ত স্থান থেকে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের একাংশ দাবি করেন, সাদা পোশাকে আসা ব্যক্তিরা নিজেদের পুলিশ পরিচয় দিলেও পরিচয়পত্র প্রদর্শন না করায় সন্দেহ তৈরি হয় এবং উত্তেজনার সৃষ্টি হয়।
‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের মামলার আসামি কবির খানকে গ্রেপ্তার করার সময় তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে গেছে। এটি একটি গুরুতর অপরাধ। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
তিনি আরো বলেন, ‘পুলিশের কোনো অস্ত্র বা সরঞ্জাম খোয়া যায়নি। হাতকড়াটি পরে উদ্ধার করা হয়েছে। আসামি মোটরসাইকেলে তোলার সময় দৌড়ে পালিয়ে যায় এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।’
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পলাতক আসামি গ্রেপ্তার ও হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- হাতকড়াসহ* আ.লীগ,নেতাকে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: