শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
মোঃ রাশিদুল ইসলাম,মাগুরাঃ
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মাগুরার শ্রীপুরে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীপুর প্রেসক্লাবের সহ সভাপতি আশরাফ হোসেন পল্টু। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ.জেড.এম তৌহিদুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন, মুন্সি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,মাসুম মজুমদার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন,গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিনা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, বিভিন্ন মৎস্যজীবী সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরো বলেন, পরিকল্পিতভাবে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা করা গেলে দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। এ জন্য মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র সংরক্ষণ ও মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় শ্রীপুর উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমিতি ও নয়জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: