• ঢাকা
  • শনিবার, ১৫ আগষ্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

গ্রাম আদালতে ফিরছে স্বস্তি, কমছে ভোগান্তি বাড়ছে নাগরিক সেবা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪১ পিএম;
গ্রাম আদালতে ফিরছে স্বস্তি, কমছে ভোগান্তি বাড়ছে নাগরিক সেবা

দিন যত যাচ্ছে, ততই বাড়ছে স্থানীয় পর্যায়ের নাগরিক সেবার মান। আধুনিকতার ছোঁয়ায় জীবনযাত্রায় পরিবর্তনের পাশাপাশি ইউনিয়ন পরিষদে হাতের নাগালে বিভিন্ন সেবা পাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তিও কমছে। এরই ধারাবাহিকতায় বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়ন পরিষদে নিয়মিত গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে।

এতে এলাকার মানুষের মাঝে স্বস্তি, আস্থা ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিনে জানা যায়,১০ নং নলটোনা ইউনিয়ন পরিষদে নিয়মিত গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মামলা দায়েরের পর সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য, প্রয়োজনীয় প্রমাণ ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তির সুযোগ থাকায় সাধারণ মানুষকে দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত ব্যয়ের হাত থেকে রক্ষা করা সম্ভব হচ্ছে। গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

আবেদনকারী ও বিবাদী পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্যানেলের মাধ্যমে উভয় পক্ষের বক্তব্য শুনে ন্যায়সঙ্গত সমাধানের চেষ্টা করা হয়। এতে জমি-জমা, পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিরোধ স্থানীয়ভাবেই মীমাংসার সুযোগ তৈরি হচ্ছে। গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে ১০ নং নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সফিকুজ্জামান মাহফুজ বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ের বিরোধ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে এবং এলাকার সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করছে।

গ্রাম আদালতের বরগুনা সদর উপজেলার সমন্বয়কারী সাদিয়া আক্তার সুমি বলেন, গ্রাম আদালতের কার্যক্রম নিয়মিত ও সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে জনগণকে সহজে বিচারিক সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে বিরোধের দ্রুত সমাধান হলে মানুষের ভোগান্তিও অনেকাংশে কমে যায়। স্থানীয়রা জানান, নিয়মিত গ্রাম আদালত পরিচালনার ফলে ছোটখাটো বিরোধ সহজে মীমাংসার সুযোগ তৈরি হয়েছে।

এতে মানুষের সময় ও অর্থের অপচয় কমছে এবং পারস্পরিক বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকছে। সংশ্লিষ্টরা মনে করেন, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও নিয়মিতভাবে পরিচালিত হলে তৃণমূল পর্যায়ে মানুষের বিচারপ্রাপ্তি আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের অন্যান্য নাগরিক সেবা আরও জনবান্ধব হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও কমবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন