জামায়াত জান্নাতের প্রলোভন দিয়েও জনগণের মন গলাতে পারেনি : বগুড়ায় বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। জামায়াত জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে অনেকটা যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এসেই আওয়ামী লীগ চেটেপুটে খেয়ে আরও বড় বৈষম্য তৈরি করেছে। ইতিহাসকে বিকৃতি করার একমাত্র দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা নিজেদের মতো ইতিহাস তৈরি করে। সব ইতিহাস ভুলে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার ঈর্ষানিতভাবে উত্তরাঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করেছে। দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল ও সমৃদ্ধির পথে ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। আগামী পাঁচ বছরে সৌরশক্তি থেকে আরও ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
শনিবার দুপুরে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা আয়োজিত উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন প্রেক্ষিত সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সমন্বিত সেমিনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। সেমিনারে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়াকে বিভাগ গঠনের দাবি জানান গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান।
বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস চর্চা গবেষণা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদ্রিস। সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার।
পাঁচ জেলার সমন্বিত সেমিনারে উপস্থিত ছিলেন বগুড়ার সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, আব্দুল মহিত তালুকদার, নওগাঁর সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, জাহিদুল ইসলাম ধলু, শেখ রেজাউল ইসলাম, গাইবান্ধার সংসদ সদস্য মো. আব্দুল করিম, আবুল কাওছার নজরুল ইসলাম, আব্দুল ওয়ারেস, জয়পুরহাটের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ, সিরাজগঞ্জের সংসদ সদস্য আইনুল হক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক একে এম আহসানুল হক তৈয়ব জাকির, বগুড়া পৌরসভার সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান, জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপকসহ গবেষকরা অংশ নেন।
সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক রোটা. ডা. মতিউর রহমান জানান, দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থান সংকটে পিছিয়ে ছিল উত্তরাঞ্চল। বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা জেলার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সেমিনারে সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক পরামর্শ দেন বিশ্লেষকরা।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: