• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ আগষ্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৩ পিএম;
জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

দীর্ঘ এক বছরেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার বিকেল সোয়া চারটার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাঁর আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, কারামুক্তির পর তিনি ধানমন্ডির বাসার উদ্দেশে রওনা হয়েছেন।

জানা যায়, ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন এ বি এম খায়রুল হক। তাঁর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় প্রদান করেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসভবন থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছিল, যার প্রতিটিতেই তিনি আদালত থেকে জামিন লাভ করেন।

সর্বশেষ ৯টির মধ্যে বনানী থানার মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান তিনি। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলেও গত ১৭ আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে তাঁর জামিন বহাল থাকে এবং মুক্তির পথ সুগম হয়।

আইনজীবীরা জানান, পৃথক ছয় মামলায় জামিনের পর নতুন মামলায় গ্রেপ্তার দেখানো চ্যালেঞ্জ করে গত ১৩ মে হাইকোর্টে একটি রিট করা হয়। শুনানি শেষে সুনির্দিষ্ট মামলা ছাড়া তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দেন হাইকোর্ট। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন নিষ্পত্তি করে ৯ আগস্ট আপিল বিভাগ নির্দেশ দেন, সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়া তিনি দেশত্যাগ করতে পারবেন না। একই সঙ্গে সুনির্দিষ্ট মামলা ছাড়া তাঁকে হয়রানি না করার হাইকোর্টের আদেশও বহাল রাখা হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন