বোয়ালমারীতে জাঁকজমকপূর্ণ ভেলা বাইচ ও গ্রামীণ মেলা, উৎসুক জনতার ঢল
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীর চরবর্নী উত্তরপাড়া মিটাইনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশাল ভেলা বাইচ প্রতিযোগিতা। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরো এলাকায় দেখা যায় উৎসবের আমেজ। ভেলা বাইচ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকালে অনুষ্ঠিত প্রতিযেগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট্য সমাজ সেবক, উদিয়মান যুবনেতা মো: আশরাফুল আলম মিলন।
প্রতিযোগিতায় স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন দল তাদের সুসজ্জিত ভেলা নিয়ে অংশ নেয়। বৈচিত্র্যময় এই বাইচে প্রতিযোগী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি ও মনোমুগ্ধকর লড়াই জমে ওঠে। বৈঠার ছন্দ ও প্রতিযোগীদের উদ্দীপনায় জলাশয়জুড়ে এক মনোমুগ্ধকর আবহ তৈরি হয়, যা উপস্থিত দর্শনার্থীদের আনন্দে ভাসিয়ে দেয়।
ভেলা বাইচকে কেন্দ্র করে এলাকায় বসেছিল ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। মেলায় হরেক রকমের শিশু সামগ্রী, খেলনা, প্রসাধন ও নানা ধরনের সামগ্রীর পসরা সাজিয়ে বসেন দোকানিরা। শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের কেনাকাটা ও উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ময়না ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী মো: আশরাফুজ্জামান মিলন (আশরাফুল আলম)।
পুরস্কার বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, "একটি মাদকমুক্ত ও সুস্থ-সুন্দর সমাজ গঠন করতে প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় এ ধরনের ঐতিহ্যবাহী লোকজ উৎসবের আয়োজন করা অত্যন্ত জরুরি। তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই।" এ ধরনের সামাজিক ও আনন্দদায়ক উদ্যোগ চালু রাখতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: