• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর বাবা-ছেলের মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩৩ পিএম;
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর বাবা-ছেলের মৃত্যু

 পটুয়াখালী প্রতিনিধি :

 

চিকিৎসা গ্রহণ এবং দোকানের জন্য মালামাল কিনতে রাজধানী ঢাকায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পটুয়াখালীর এক ব্যবসায়ী বাবা ও তাঁর স্কুলপড়ুয়া ছেলে।

গত শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রসংলগ্ন মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের বাসিন্দা ও ব্যবসায়ী আবু জাফর মৃধা (৫৫) এবং তাঁর ছেলে মির্জাগঞ্জ আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অনিক মৃধা (১৪)। নিহত জাফর মৃধা উপজেলা সদরের সুবিদখালী নান্নু শপিং কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে একটি কাপড়ের দোকান পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ছেলেকে সঙ্গে নিয়ে হানিফ পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হন জাফর মৃধা। পথিমধ্যে মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ‘পালকি পরিবহনের’ একটি বাসের চাকা পাংচার হলে চালক ও হেলপার তা মেরামতের কাজ করছিলেন। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী দ্রুতগতির ‘হানিফ পরিবহনের’ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পালকি পরিবহনের বাসটিকে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি বাসের সামনের ও পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ তিনজন নিহত হন। এ ছাড়া এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহত তিনজনের মধ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জের বাবা-ছেলেও রয়েছেন।

এদিকে বাবা-ছেলের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে মির্জাগঞ্জ উপজেলা ও নান্নু শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নান্নু শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ও উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু মুন্সী শোক প্রকাশ করে বলেন, ‘জাফর মৃধা দীর্ঘদিন ধরে আমাদের মার্কেটে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা করছিলেন। সকালে ছেলের চিকিৎসা ও মালামাল কেনার কথা বলে তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। এই অকালমৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।’

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, শিবচর হাইওয়ে থানার ওসির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন