• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আলফাডাঙ্গায় মধুমতি যুব উন্নয়ন সংঘের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৮ পিএম;
আলফাডাঙ্গায় মধুমতি যুব উন্নয়ন সংঘের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

আলফাডাঙ্গায় মধুমতি যুব উন্নয়ন সংঘের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি যুব উন্নয়ন সংঘের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই আয়োজনে এলাকার দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল থেকে দিনব্যাপী উপজেলার রায়ের পানাইলে অবস্থিত মধুমতি যুব উন্নয়ন সংঘের নিজস্ব কার্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল থেকেই চিকিৎসাসেবার আশায় দূর-দূরান্ত থেকে ছুটে আসেন রোগীরা। বিশেষ করে দীর্ঘদিনের বাত-ব্যথা, ডায়াবেটিস কিংবা নানা জটিল রোগে আক্রান্তরা এক ছাদের নিচে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে স্বস্তি প্রকাশ করেন। দিন বাড়ার সঙ্গে সঙ্গে নারী ও বয়োবৃদ্ধদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। 

ক্যাম্পে দিনভর চিকিৎসাসেবা প্রদান করেন আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. রিয়াজুল ইসলাম। তিনি মেডিসিন, ডায়াবেটিস, বাত-ব্যথা, মা ও শিশু রোগসহ সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। 

ঘরের কাছে এমন মানসম্মত চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা। চিকিৎসা নিতে আসা আনোয়ার হোসেন (৪৫), মৌসুমী বেগম (৩৫) ও খাদিজা বেগম জানান, অর্থাভাবে কিংবা দূরত্বের কারণে অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া হয়ে ওঠে না। বাড়ির কাছে বিনামূল্যে বড় ডাক্তারের পরামর্শ ও প্রেসক্রিপশন পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়মিত চালু রাখার জন্য তারা আয়োজকদের প্রতি অনুরোধ জানান।

আয়োজনের বিষয়ে মধুমতি যুব উন্নয়ন সংঘের সভাপতি মো. খসরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের বলেন, "সামাজিক দায়বদ্ধতা থেকেই স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর সহযোগিতা ও ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।"

মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বরকত ইসলাম ও মো. রাসেল, সাংগঠনিক সম্পাদক মো. মিলন মোল্যা এবং সমাজসেবা সম্পাদক মো. কনক শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন