ডেঙ্গু প্রতিরোধে পায়রা বন্দরে তিন মাসের বিশেষ মশক নিধন কর্মসূচি
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
ডেঙ্গু রোগের বিস্তার প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে পায়রা বন্দর কর্তৃপক্ষ তিন মাসব্যাপী বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। সরকারি নির্দেশনার আলোকে গত ১২ সেপ্টেম্বর থেকে এ কর্মসূচি শুরু হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পায়রা বন্দরের প্রশাসনিক ও আবাসিক এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বক্তব্য দেন এবং নিজে সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, “গৃহীত এই কর্মসূচির আওতায় বন্দর এলাকার বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা হবে। পাশাপাশি নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা, সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, মশার কামড় থেকে ব্যক্তিগত সুরক্ষা এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।”
তিনি ডেঙ্গু প্রতিরোধে বন্দর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও যাতে বৃষ্টির পানি জমে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া জনস্বাস্থ্য রক্ষা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে আগামী তিন মাস প্রতি শনিবার নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় পায়রা বন্দর কর্তৃপক্ষের এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: