• ঢাকা
  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

রাতের আঁধারে সরকারি ইট উধাও; জামায়াত সমর্থক মাদ্রাসা-সুপারসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৩ এএম;
রাতের আঁধারে সরকারি ইট উধাও; জামায়াত সমর্থক মাদ্রাসা-সুপারসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

 :বোয়ালমারী (ফরিদপুর)  প্রতিনিধি :

 

ফরিদপুরের আলফাডাঙ্গায় রাতের আঁধারে সরকারি রাস্তা থেকে বিপুলসংখ্যক ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার ১ নম্বর বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া এলাকায় নদীকূল ঘেঁষা প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার রাস্তা থেকে আনুমানিক এক লাখ ইট তুলে ট্রলারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। 

এ ঘটনায় জামায়াত সমর্থক, অবসরপ্রাপ্ত মাদ্রাসা সুপার
 এম এ গোলাম কুদ্দুসসহ ১৩ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। গোলাম কুদ্দুস বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠায় অবস্থিত আল হাসান মহিলা মাদ্রাসার সুপার ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে চরখোলাবাড়িয়া এলাকায় রাস্তা থেকে ইট তুলে নেওয়া হয়। স্থানীয়দের দাবি, রাতের আঁধারে ট্রলারে করে এসব ইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তার কিছু ইট স্থানীয় কয়েকটি বাড়িতেও পাওয়া গেছে।
এ ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় বাসিন্দা বাবুল শেখ এলাকাবাসীর পক্ষে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন। এতে এম এ. গোলাম কুদ্দুসসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে মাও. গোলাম কুদ্দুস বলেন, ‘যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা আমার লোক। তবে এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’

উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম হাফিজুর রহমান বলেন, ‘গোলাম কুদ্দুস আমাদের দলের সমর্থক। তবে আমি শুনেছি, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।’

বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু বলেন, রাস্তাটি এলাকাবাসীর চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। তবে রাস্তা থেকে ইট তুলে নেওয়ার বিষয়টি তার জানা নেই।

এদিকে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আলফাডাঙ্গা থানার এসআই রতন কুমার মণ্ডল বলেন, তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জনগণের দুর্ভোগ বিবেচনায় রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের তিন দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা ঠিক করা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আলফাডাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আল-আমিন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছে। রাস্তা ঠিক করার জন্য সংশ্লিষ্টদের তিন দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা ঠিক করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন