রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় নবনির্মিত ৭ তলা ভবনে প্লাস্টারের কাজ করতে গিয়ে নিচে পড়ে আল আমিন (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আল আমিন চাঁপাইনবাবগঞ্জের দারিয়াপুরের মো. মকুলের ছেলে। তিনি কাজলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আল আমিনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা ভবনের মালিক বাছির উদ্দিন জানান, দুপুরের দিকে ৭ তলা ভবনে মাচাংয়ে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন আল আমিন।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: