কুয়াকাটায় শিবিরের উদ্যোগে এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় ‘এ’ ও ‘এ প্লাস’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহিপুর থানা শাখার উদ্যোগে কুয়াকাটার হোটেল গ্রেভার ইন-এর হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিপুর থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুনুর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মান্নান, কুয়াকাটা পৌর জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা মহানগরের সাবেক সভাপতি ও ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান, পটুয়াখালী ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, পটুয়াখালী জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি কে এম তামিম, কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দাওয়াহ সম্পাদক মুনতাসির মুজাহিদ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয়দের মতে, মহিপুর এলাকায় ছাত্রশিবিরের উদ্যোগে এ ধরনের বৃহৎ সংবর্ধনা অনুষ্ঠান এই প্রথম অনুষ্ঠিত হলো।
বৃত্তিপ্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে তাদের অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এই আয়োজনকে কেন্দ্র করে হোটেল গ্রেভার ইন ও এর আশপাশের এলাকায় আয়োজক ও অতিথিদের মাঝে বেশ প্রাণোচ্ছ্বল পরিবেশ ও ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যায়।
আয়োজকদের প্রত্যাশা, এই স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বড় সাফল্য অর্জনে উৎসাহিত করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: