• ঢাকা
  • রবিবার, ১৬ আগষ্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৬ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:১৩ পিএম;
‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারালো লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়কে শুধু টেস্ট ক্রিকেটেই নয়, সব সংস্করণ মিলিয়েই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয় হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘এটাই এখন পর্যন্ত যেকোনো সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আমরা ভবিষ্যতে আরও বিশেষ কিছু করতে চাই।’ 

টেস্ট ক্রিকেটে পেসারদের গুরুত্ব বাড়ানোর মানসিকতার পরিবর্তনকেই বাংলাদেশের বড় অগ্রগতি হিসেবে দেখছেন শান্ত। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় পরিবর্তন এটাই। পাঁচ বছর আগেও পেসাররা টেস্ট খেলতে চাইত না। কিন্তু আমরা এখন অনেক টেস্ট খেলছি এবং তারা এই সংস্করণকে গুরুত্ব দিচ্ছে। তারা খেলতে চায়, পারফর্ম করতে চায়, বিশ্বমানের হতে চায়। এই মানসিকতাটাই এখন তাদের মধ্যে এসেছে।’

এই টেস্টে সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিমের প্রশংসা করেন শান্ত। তিনি আরও বলেন, ‘সাদা বলের ক্রিকেটে তানজিদ আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। কিন্তু এই টেস্টে সে শান্ত ছিল এবং বলের মেরিট অনুযায়ী শট খেলেছে। একজন টপ-অর্ডার ব্যাটারের কাছে আমরা প্রভাব রাখার প্রত্যাশা করি, আর সে সেটি করতে পেরেছে।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন