• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের নেতৃত্বের আহ্বান, পটুয়াখালীতে ‘তারুণ্য উৎসব’


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:১৮ পিএম;
জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের নেতৃত্বের আহ্বান, পটুয়াখালীতে ‘তারুণ্য উৎসব’

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:


‘জলবায়ু সংকট, সমাধান তরুণদের হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে ‘তারুণ্য উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি পটুয়াখালী শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ উৎসবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজন নিয়ে তরুণদের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবনী ধারণা ও পরিকল্পনা তুলে ধরা হয়। উৎসবের সমাপনী পর্বে আইডিয়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের নেতৃত্বে এনএসএস, জাগোনারী, ডাসকো ফাউন্ডেশন ও বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামের মাধ্যমে ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটির আওতায় জলবায়ু ঝুঁকিপূর্ণ বরিশাল ও রাজশাহী বিভাগের পাঁচ জেলা—বরিশাল, পটুয়াখালী, বরগুনা, রাজশাহী ও নওগাঁর ১৫টি উপজেলা এবং ৯০টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যুব ও নারীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরি ও বাস্তবায়ন করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন রয়েছে এবং জিএফএ কনসালটিং গ্রুপ কর্মসূচিটি পরিচালনা করছে।
প্রকল্পের অংশ হিসেবে বরিশাল বিভাগে এনএসএস ও জাগোনারীর উদ্যোগে জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক এ ‘তারুণ্য উৎসব’ আয়োজন করা হয়।
এনএসএসের গেটকা প্রকল্পের জেলা সমন্বয়ক জহিরুল ইসলাম বলেন, “তরুণদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বকে উৎসাহিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।”
আয়োজকরা আশা প্রকাশ করেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা, অংশগ্রহণ ও নেতৃত্বের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠার উদ্যোগ আরও গতিশীল হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন