• ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পঞ্চগড়ে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৬ পিএম;
পঞ্চগড়ে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:​

 

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কঠোর তৎপরতায় বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

​বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৫ জুন) ভোরের দিকে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) বড়বাড়ি বিওপির (সীমান্ত ফাঁড়ি) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫৮/৫-এর নিকট দিয়ে এই পুশইনের চেষ্টা করা হয়। ভারতের ৯৩ টিয়াপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই ১০ জন নারী-পুরুষকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে সীমান্তে নিয়োজিত বিজিবির একটি টহলদল দ্রুত তাদের বাধা প্রদান করে। বিজিবির তীব্র বাধার মুখে বিএসএফ সদস্যরা ওই ১০ জনকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, তারা ভারতের অংশে শূন্যরেখা (জিরো লাইন) থেকে প্রায় ২০ গজ দূরে অবস্থান করছে।
​৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, “বিজিবির টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে বিএসএফের পুশইনের এই চেষ্টা প্রতিহত করেছে। বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতের অভ্যন্তরেই অবস্থান করছেন।”
​তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে বিজিবি'র টহলদল সতর্ক অবস্থানে রয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা (ফ্ল্যাগ) বৈঠকের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন