‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানে মহম্মদপুরে র্যালি
এস এম আজগার আলী, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
"রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় শনিবার (৬ জুন) মহম্মদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বেদবতি মিস্ত্রি বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। উক্ত আলোচনায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ কাজী আবু আহসান বলেন বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে মশার প্রজননস্থল ধ্বংসে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুমুক্ত মহম্মদপুর গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- ‘রাখিব* চারপাশ,পরিষ্কার
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: