• ঢাকা
  • শনিবার, ০৮ আগষ্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় অবহেলায় ভাগাড়ে পরিণত তেতুলবাড়িয়া খেয়াঘাট, দুর্ভোগে শত শত যাত্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৮ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৫৬ এএম;
বরগুনায় অবহেলায় ভাগাড়ে পরিণত তেতুলবাড়িয়া খেয়াঘাট, দুর্ভোগে শত শত যাত্রী

বরগুনার বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেতুলবাড়িয়া খেয়াঘাট দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিন এই খেয়াঘাট ব্যবহার করে বরগুনা সদর থেকে বামনা ও পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু গুরুত্বপূর্ণ এই নৌপথের ঘাটে নেই কোনো পন্টুন, নেই যাত্রীদের নিরাপদ ওঠানামার ব্যবস্থা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঘাটের পরিবেশ নোংরা ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে খেয়াঘাটটির কোনো উন্নয়ন বা সংস্কার করা হয়নি। যাত্রীদের কাদা, ময়লা ও দুর্গন্ধের মধ্য দিয়ে নৌকায় উঠতে ও নামতে হয়। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েনি। এলাকাবাসীর অভিযোগ, খেয়াঘাটে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকায় সেখানে বিভিন্ন ধরনের বর্জ্য জমে দুর্গন্ধ ছড়াচ্ছে।

এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌযোগাযোগ কেন্দ্রটির এমন বেহাল চিত্রে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রভাষক মো: আতিকুল ইসলাম বলেন, তেতুলবাড়িয়া খেয়াঘাট শুধু একটি পারাপারের স্থান নয় বরং বরগুনা ও বামনা - পাথরঘাটা উপজেলার মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই দ্রুত ঘাটটি সংস্কার, একটি স্থায়ী পন্টুন স্থাপন, নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত এবং যাত্রীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন