পটুয়াখালীর দুমকিতে যুবদলের কমিটি বাতিল দাবিতে ঝাড়ু মিছিল
দুমকিতে উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।
বুধবার বিকেলে উপজেলা শহরে সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে শতাধিক বিক্ষুব্ধ নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে আরও নেতৃত্ব দেন জসীমউদ্দীন শম্ভু, হাবিবুর রহমান নান্নু ও শহীদ সরদার। বিক্ষোভকারীরা ঝাড়ু হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ঘোষিত কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন রাজপথে সক্রিয় ত্যাগী নেতাদের বাদ দিয়ে পক্ষপাতমূলক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। দ্রুত কমিটি পুনর্গঠন না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সম্প্রতি দুমকি উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে জাকির আলম মিলন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জহিদুল ইসলাম রুবেল দায়িত্ব পান। সংগঠন সূত্রে জানানো হয়, তৃণমূলকে শক্তিশালী করতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: