• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বাগেরহাটে রিমান্ডে থাকা আসামীর মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:১৪ পিএম
বাগেরহাটে রিমান্ডে থাকা আসামীর মৃত্যু

বাগেরহাটে পুলিশের রিমান্ডে থাকা এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চুরির মামলায় রিমান্ডে মৃত মৃত মোজাফফর হোসেন (২৬) রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাব মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মোট চারটি চুরির মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম চুরির অভিযোগে জেলা সদরের রাখালগাছি এলাকার বাসিন্দারা মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ওই দিনই তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিনই মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে আসেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর বুকে ব্যথা অনুভব করলে পুলিশ দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান জানান, ইসিজি পরীক্ষায় মোজাফফরের গুরুতর হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং তাকে খুলনায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। তবে খুলনা নেওয়ার আগেই সকাল ৮টার দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। হাসপাতালেই তার মৃত্যু হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মোজাফফরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট ও আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুপুর ১২টা পর্যন্ত তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন