এখনও একাকী অনুশীলনে মেসি, পুরোপুরি ফিট হবেন কবে?
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বেসক্যাম্প শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে। তবে সেসব ম্যাচে মহাতারকা লিওনেল মেসির থাকা নিয়ে অনিশ্চয়তা প্রবল। ইন্টার মায়ামির শেষ ম্যাচে চোট পাওয়ার পর তিনি এখনও পুনর্বাসনে আছেন, তবে অনুশীলনও চালিয়ে যাচ্ছেন একাকী।
দলের ফিজিওথেরাপিস্ট লুইস গার্সিয়া ও ফিটনেস কোচ লুইস মার্টিনের নিবিড় তত্ত্বাবধানে চলছে মেসির সতর্ক পুনর্বাসন কার্যক্রম। বিশ্বকাপের প্রথম ম্যাচে অধিনায়ককে পুরোপুরি প্রস্তুত রাখাই এখন আর্জেন্টিনা শিবিরের প্রধান লক্ষ্য। ফলে বিশ্বকাপের প্রস্তুতিতে মেসিকে বাইরে রেখেই হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে একাদশ সাজাতে পারেন লিওনেল স্কালোনি।
গত ২৪ মে মায়ামির ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের মাংসপেশিতে চোট পান মেসি। এই মুহুর্তে অনুশীলনে তাকে পুরোপুরি স্বাভাবিক মনে হলেও, কোনো ঝুঁকি নিতে চান না আর্জেন্টাইন কোচ। সে কারণে মেসিসহ চোটে থাকা ফুটবলারদের ‘বিশেষ ব্যায়ামে’র মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘ছোটখাটো কিছু সমস্যা ও চোটের সঙ্গে যারা লড়ছেন, তারা বর্তমানে ফিজিওথেরাপি দলের অধীনে কাজ করছেন। তাদের সুনির্দিষ্ট কিছু ব্যায়াম করতে বলা হয়েছে এবং তাদের উন্নতির প্রক্রিয়াও দারুণ।’ বর্তমানে ফিফার বিশ্ব র্যাঙ্কিংয়ে তিনে রয়েছে স্কালোনির দল, বিশ্বকাপের আগে তারা ৯ জুন আইসল্যান্ডের সঙ্গে শেষ ম্যাচ খেলবে।
সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর এবং এমএলএসে দু’বার মৌসুমসেরার পুরস্কার জেতা মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপ আসরে নামার অপেক্ষায় আছেন। আগে থেকেই আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ (১৯৬) খেলা এবং গোলদাতার (১১৬) রেকর্ড দখলে রেখেছেন এলএমটেন। জাতীয় দলে তার অভিষেক হয় ২০০৫ সালে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: