• ঢাকা
  • শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর মাথা ন্যাড়া করার অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৯ পিএম;
যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর মাথা ন্যাড়া করার অভিযোগ

ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও ননদের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্ত্বনা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত রোববার (২৪ মে) সকাল ৮টার দিকে তানিয়া খাতুনের ওপর এ নির্যাতনের ঘটনা ঘটে।

চাঁদ আলী খাঁ পেশায় ইটভাটার শ্রমিক। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের মৃত হাবিবুর রহমান হবি খাঁর ছেলে।

ভুক্তভোগী তানিয়া খাতুন জানান, ইতিপূর্বে যৌতুক হিসেবে ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করলে তার বাবা ওই টাকা দেন। এরপর আবারও টাকা দাবি করা হয়।  পরবর্তীতে টাকা দিতে না পারায় স্বামী ও ননদ তাকে প্রায়ই মারধর করতেন।  বিয়ের পর থেকেই এমন নির্যাতনের শিকার হচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, স্বামীকে সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করা হয়। একপর্যায়ে ননদ সান্ত্বনা খাতুনের সহযোগিতায় চুল কাটার মেশিন দিয়ে আমার মাথা ন্যাড়া করে দেওয়া হয়।

ঘটনার পর পরিবারের সদস্যরা তানিয়া খাতুনকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যান এবং স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্ত্বনা খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই মামলা করা হয়েছে। বাবুলচারা এলাকা থেকে আসামি চাঁদ আলী খাঁ ও সান্তনা খাতুনকে গ্রেফতার করা হয়েছে।  তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন