হাসপাতালের আইসিইউতে আগুন লেগে ১০ রোগীর মৃত্যু
জীবন বাঁচাতে গিয়েই মৃত্যু হল অন্তত দশ রোগীর। সোমবার ভোর রাতে ওড়িশার কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লাগে। আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে আইসিইউ-তে চিকিৎসাধীন অন্তত ১০ জন রোগীর। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘটনাস্থলে পৌঁছে মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
ওড়িশার কটকের ওই হাসপাতালের ICU-তে সোমবার ভোর ৩টে নাগাদ হঠাৎই আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। হাসপাতালের কর্মীরা আইসিইউ থেকে রোগীদের সরানোর চেষ্টা করেছিলেন। ১০ জনকে বাঁচানো যায়নি। রোগীদের উদ্ধার করতে গিয়ে হাসপাতালের অনেক কর্মচারী আহত হয়েছেন। অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মী আগুনে পুড়ে আহত হয়ে হাসপাতালেই চিকিৎসাধীন। ট্রমা কেয়ার থেকে ২৩ জন রোগীকে অন্যত্র সরানো হয়েছে। অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদেরও চিকিৎসা চলছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ICU-র অন্দরে সাত রোগীর মৃত্যু হয়েছিল। সেখান থেকে অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়ার সময় আরও তিনজন মারা যান। ভোরে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং। পরিস্থিতি খতিয়ে দেখার পর বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শর্ট সার্কিট হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হাসপাতালের কর্মীরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: