• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

স্কুলের মালামাল চুরির দায়ে যুবক আটক, চুল-গোঁফ কেটে দিলো জনতা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৫ এএম;
স্কুলের মালামাল চুরির দায়ে যুবক আটক, চুল-গোঁফ কেটে দিলো জনতা

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুরের কানাইপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ, লোহার ফ্রেমসহ বিভিন্ন সামগ্রী চুরি করে বিক্রির সময় সাব্বির খান (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে বিদ্যালয়ে নিয়ে গেলে বিক্ষুব্ধ এলাকাবাসী ব্লেড দিয়ে তার চুল ও গোঁফ কেটে দেয় বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ৩টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সাব্বির খান ওই এলাকার আবুল খানের ছেলে। তিনি বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী।

এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় থেকে বেঞ্চ, চারটি লোহার ফ্রেম, একটি স্টিলের সাইনবোর্ড ও লোহার গ্রিল চুরি হয়। পরে এসব মালামাল কানাইপুর বাজারের একটি দোকানে বিক্রি করতে যান সাব্বির। সেখানে বিদ্যালয়ের সাইনবোর্ড দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

বিষয়টি তারা দ্রুত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জানান। পরে শিক্ষক ও স্থানীয়রা ওই দোকানে গিয়ে চুরি করা মালামালসহ সাব্বিরকে আটক করেন। এরপর তাকে মালামালসহ একটি নছিমনে করে বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বিদ্যালয়ের সামনে তাকে বসিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ব্লেড দিয়ে চুল ও গোঁফ কেটে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সাব্বির একটি কক্ষ থেকে পালিয়ে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসন্তী দত্ত বলেন, ‘বুধবার বিদ্যালয় বন্ধ ছিল। বৃহস্পতিবার স্কুলে এসে চুরির বিষয়টি দেখতে পাই। ধারণা করছি, এর কোনো একসময় মালামালগুলো চুরি হয়েছে। আমরা তাকে ধরে এনে একটি কক্ষে আটকে রেখে ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দিয়েছিলাম। এ সময় এলাকার ছেলেরা হয়তো তার মাথার চুল ও গোঁফ কেটে দিয়েছে। পুলিশ আসার আগ মুহূর্তে ওই যুবক কক্ষ থেকে পালিয়ে যায়।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ গিয়ে তাকে পায়নি। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন