• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

কোচ নয়, ক্লাবের মালিক হতে চান মেসি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩১ পিএম;
কোচ নয়, ক্লাবের মালিক হতে চান মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি চিরতরে তুলে রাখলেন লিওনেল মেসি। কয়েক বছরের মধ্যে হয়তো ক্লাব ফুটবলকেও বিদায় বলে দেবেন।

তবে মাঠের রাজত্ব শেষ হওয়ার পরও খেলা থেকে দূরে সরে যেতে চান না মেসি। অনেক কিংবদন্তি অবসরের পর কোচিংয়ে ঝুঁকলেও তাকে ক্লাব মালিকের ভূমিকায় দেখা যেতে পারে। ইন্টার মায়ামির সঙ্গে তার বর্তমান চুক্তির অংশ হিসেবেই অবসরের পর ক্লাবটির মালিকানায় অংশীদার হওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে বিবিসি স্পোর্ট।

মেসির খেলোয়াড়ি জীবনের শেষ অধ্যায় এখন ইন্টার মায়ামিতেই কাটছে।

২০২৫ সালে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করে ২০২৮ সাল পর্যন্ত থাকার পথও পাকা করেছেন তিনি। চুক্তির অংশ হিসেবে অবসরের পর ইন্টার মায়ামির কিছু শেয়ারের মালিক হওয়ার বিষয়টিও রয়েছে। 

বিবিসি স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি কোচ হওয়ার চেয়ে ফুটবলের প্রশাসনিক ও মালিকানার ভূমিকায় বেশি আগ্রহী। 

এই পরিকল্পনার বাস্তব প্রমাণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে।

এ বছর স্পেনের দুই ক্লাবের মালিকানায় যুক্ত হয়েছেন তিনি। এপ্রিলে পঞ্চম স্তরের ক্লাব ইউই কর্নেয়ার মালিকানা নেওয়ার পর অক্টোবরে দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসের বেশিরভাগ অংশের মালিক হয়েছেন মেসি। 

অবসরের পর শৈশবের ক্লাব নিওয়েল’স ওল্ড বয়েজে ফেরার সম্ভাবনাও অবশ্য আলোচনায় এসেছে। কিন্তু বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিউয়েলসে’র সঙ্গে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। 

মেসির ঘনিষ্ঠ মহলেও ক্লাবটিতে তার ফেরার সম্ভাবনা নিয়ে খুব একটা প্রত্যাশা নেই।

বরং স্পেন ও যুক্তরাষ্ট্রে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা তার। 

খেলোয়াড় হিসেবে সম্ভাব্য সব কিছুই অর্জন করেছেন মেসি। আগামীতে ফুটবলকে অন্য ভূমিকায় এগিয়ে নেওয়ার পালা। মাঠের জাদুকর মেসি তাই অবসরের পরও ফুটবলে থাকবেন। সম্ভবত ক্লাব মালিকের চেয়ারে বসে!

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন