• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২৪ পিএম;
ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, অবৈধ জমি দখল এবং সরকারি খাস খাল দখলের অভিযোগ উঠেছে। মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও গলাচিপা সরকারি কলেজের পিয়ন মো. আনোয়ার দেওয়ানকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় গলাচিপা প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মাসুম বিল্লাহ সোহাগ দেওয়ান। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে সোহাগ দেওয়ান, রাসেল খলিফা ও রাজিব খলিফা গলাচিপা সরকারি কলেজের সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে আনোয়ার দেওয়ান, কামাল, মিজানুর, ইব্রাহিম ও সেকান্দার দেওয়ানের নেতৃত্বে ৭-৮ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁদের পথরোধ করে। এ সময় সন্ত্রাসীরা লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রাজিব খলিফার ডান হাতের হাড় ভেঙে দেয়।

এ ঘটনার পরদিন ১৩ সেপ্টেম্বর মো. রাসেল খলিফা বাদী হয়ে মো. আনোয়ার দেওয়ানসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্ত আনোয়ার দেওয়ান ও তাঁর পরিবার বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে সরকারি খাস জমি এবং স্থানীয় একাধিক ব্যক্তির দলিলকৃত জমি দখল করেছেন। ক্ষমতার দাপট দেখিয়ে তাঁদের পরিবারের আটজন সদস্যকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়া হয় বলেও উল্লেখ করা হয়।

ভুক্তভোগীদের দাবি, আনোয়ার দেওয়ানের ভাই ও গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পিয়ন মো. মিজানুর স্থানীয় সেচ কাজের প্রবাহমান সরকারি খাস খালে বাঁধ দিয়ে মাছ চাষ ও বৃক্ষরোপণ করেছেন। এতে ওই অঞ্চলের শত শত কৃষকের কৃষি কাজ ব্যাহত হচ্ছে এবং অনেক পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত হামলার শিকার মো. রাজিব খলিফা ও অপর ভুক্তভোগী পিয়ারা বেগম অভিযুক্ত আনোয়ার দেওয়ানের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁদের অন্যায়ভাবে দখল হওয়া সম্পত্তি উদ্ধারের জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে ওয়ারেন্টভুক্ত আসামি আনোয়ার দেওয়ানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গলাচিপা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লিয়াকত আলী জানান, কলেজের নিয়মিত অধ্যক্ষ মো. ফোরকান কবির বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হয়ে ফিরলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আনোয়ার দেওয়ানকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন