• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

দশমিনায় শ্বশুরবাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২২ পিএম;
দশমিনায় শ্বশুরবাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু

জয়ন্ত, দশমিনা (পটুয়াখালী):


পটুয়াখালীর দশমিনা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর গ্যাস ট্যাবলেট খেয়ে মো. আলম জোমাদ্দার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের রণগোপালদী গ্রামের ২ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত আলম জোমাদ্দার উপজেলার রণগোপালদী ইউনিয়নের যৌথা গ্রামের সোবাহান বাজার এলাকার মৃত রতন জোমাদ্দারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি শ্বশুরবাড়িতে ঘর নির্মাণ করে বসবাস করছিলেন।
মঙ্গলবার বিকেলে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী মোছা. খাদিজা বেগমের সঙ্গে আলম জোমাদ্দারের বাকবিতণ্ডা ও ঝগড়া হয়। এরপর সন্ধ্যার দিকে তিনি স্থানীয় রণগোপালদী বাজার থেকে কীটনাশক বা গ্যাস ট্যাবলেট কিনে বাড়িতে ফেরেন। একপর্যায়ে তিনি সবার অগোচরে ঘরের মধ্যে ওই গ্যাস ট্যাবলেট সেবন করে মেঝেতে লুটিয়ে পড়েন।
তার স্ত্রী খাদিজা বেগম তাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন ও স্বজনরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃতের ভাগিনা  জানান, মঙ্গলবার রাতে খালা খাদিজা বেগমের ডাক-চিৎকার শুনে তারা দৌড়ে ঘরে গিয়ে মামাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা স্বীকার করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, "হাসপাতাল থেকে মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন