কুমিল্লায় চামড়া ব্যবসায়ীদের মধ্যে বিনামূল্যে লবণ বিতরণ
কুমিল্লা নগরীর ঋষিপট্টির ২০ জন ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীর মধ্যে প্রথমবারের মতো বিনামূল্যে ১৫ টন লবণ বিতরণ করা হয়েছে। বিসিক কুমিল্লার সহযোগিতায় কুমিল্লা সিটি কর্পোরেশন এই লবণ বিতরণ করে।
সোমবার কুমিল্লা সিটি কর্পোরেশনের ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। সভাপতিত্ব করেন সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। বিশেষ অতিথি ছিলেন বিসিক কুমিল্লার ডিজিএম মো. মুনতাসীর মামুন।
সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, তালিকাভুক্ত ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীদের সঠিকভাবে চামড়া সংরক্ষণে লবণ সহযোগিতা দেয়া হলো। ভবিষ্যতে সহযোগিতার পরিমাণ আরো বৃদ্ধি করা হবে।
চামড়ার বর্জ্য সঠিকভাবে অপসারণ এবং চামড়া প্রসেসিংয়ে যেন যান চলাচলে যেন বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখারও আহবান জানান তিনি।
বিসিক কুমিল্লার ডিজিএম মো. মুনতাসীর মামুন বলেন, সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এতিমখানা ও মাদ্রাসায় বিনামূল্যে লবণ বিতরণ করলেও ব্যবসায়ীদের কোনো লবণ বরাদ্দ দেয়নি। স্থানীয় সরকার বিভাগের আওতায় কুমিল্লা সিটি কর্পোরেশন লবণ বিতরণের উদ্যোগ নেয়ায় চামড়া শিল্পের উন্নয়নে এ উদ্যোগ ব্যাপক ভূমিকা পালন করবে।
চামড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে হরিদাস ঋষি বলেন, বিগত ৬০ বছরে সরকার আমাদের কোন সহযোগিতা করেনি। এবার সিটি করপোরেশনের পক্ষ থেকে আমাদের পাশে দাঁড়িয়েছে। এজন্য তিনি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য এবার সারা দেশে সকল মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর উদ্যোগে বিনা মূল্যে লবণ বিতরণ করা হচ্ছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: