আজ চাঁদ দেখা না গেলে ঈদ শনিবার পবিত্র রমজান শেষে সমাগত খুশির ঈদ
দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষ হতে চলেছে। নিত্যপণ্যের দামের ক্ষেত্রে অনেকটাই স্বস্তির রমজান শেষে দুয়ারে সমাগত পবিত্র ঈদুল ফিতর। পশ্চিম দিগন্তে নতুন বাঁকা চাঁদের দেখা পেলেই শুরু হবে ঈদ উৎসব। একটি সফল নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরুর পর মব আতঙ্কমুক্ত পরিবেশে এবারের ঈদুল ফিতর।
এই উৎসবের মধ্যেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ, যুদ্ধাক্রান্ত মুসলিম দেশগুলোতে প্রতিদিন প্রাণক্ষয়, বাস্তুচ্যুতি এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের আশঙ্কা এবার কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের অনিশ্চিত পরিস্থিতি নিয়েও অনেকের কপালে চিন্তার ভাঁজ। তবু দেশে এই উৎসব আয়োজনের কমতি নেই। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল ছেড়ে নিজেদের স্থায়ী ঠিকানায় ছুটছে মানুষ।
গতকাল পর্যন্ত আবহাওয়াও ছিল অনুকূল। যাত্রাপথ ছিল কিছুটা নির্বিঘ্ন।
রমজানের এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন জামাতে নামাজ আদায়, শুভেচ্ছাবিনিময় এবং সাধ্যমতো ভালোমন্দ খেয়ে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করে সারা বিশ্বের মুসলিমরা। ঈদের দিন সকাল সকাল গোসল করে পরিচ্ছন্ন পোশাক পরে এবং সুগন্ধি মেখে ঈদগাহে বা মসজিদে যায়।
সেখানে সব শ্রেণির মানুষ এককাতারে ঈদের নামাজ আদায় করে। নামাজের পর চলে কোলাকুলি, যা ভ্রাতৃত্বের প্রতীক। ঈদগাহ থেকে ফিরে চলে পরিবার, প্রতিবেশী ও আত্মীয়-স্বজন নিয়ে খাওয়াদাওয়ার পালা। চলে স্বজন, বন্ধুদের বাড়ি বা বিনোদনস্থলে বেড়াতে যাওয়া। এভাবে একই সঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক আনন্দ উপভোগের মধ্য দিয়ে উদযাপিত হয় ঈদের দিনটি।
কিন্তু এবার যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ঈদের সামাজিক আনন্দ উপভোগ অনেকটাই অনিশ্চিত।
এবারের ঈদ নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তার আয়োজন করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। মহাসড়কের যানজট নিরসন এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবেলায় এবার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে রাজধানীকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা হাতে নিয়েছে।
ছুটির চাপ থাকলেও এবারও কমসংখ্যক পুলিশ সদস্যদের ছুটি দেওয়া হয়েছে। মেট্রোপলিটন এলাকায় ২০ শতাংশ এবং জেলা পর্যায়ে ২৫ শতাংশের মতো পুলিশ সদস্যকে ছুটি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ৭৫-৮০ শতাংশ পুলিশ সদস্য ঈদের ছুটিতে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।
র্যাব জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনাল ও আশপাশের এলাকায় ৩২টি টিম মোতায়েন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
পবিত্র ঈদুল ফিতর আগামীকাল শুক্রবার, নাকি পরদিন শনিবার, তা জানা যাবে আজ সন্ধ্যায়। আজ বৃহস্পতিবার দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে কাল উদযাপিত হবে আনন্দের ঈদ, মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব। আর আজ চাঁদ দেখা না গেলে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ঈদ উদযাপিত হবে শনিবার।
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি। গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বরগুলো হচ্ছে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ অথবা ০২-৪১০৫০৯১৭।
তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফসহ বরিশাল, দিনাজপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, ভোলা, মৌলভীবাজার, কুড়িগ্রাম, শেরপুর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে কিছু নির্দিষ্ট গ্রামের অনেক পরিবার সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণার সঙ্গে একাত্মতা পোষণ করে রোজা ও ঈদ পালন করে থাকেন।
ঈদের চাঁদ দেখার নিশ্চিত খবর জানা গেলেই দেশজুড়ে বাজতে থাকবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’। ১৯৩১ সাল থেকে বাজতে বাজতে গানটি ঈদুল ফিতরের অপরিহার্য আগমনী সংগীতে পরিণত হয়েছে।
এদিকে সৌদি আরবে গতকাল পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির সুপ্রিম কোর্টের এসংক্রান্ত কমিটির বরাতে বাংলাদেশ সময় গত রাত ৯টা ১৪ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছে মক্কা ও মদিনার নিয়মিত আপডেট দেওয়া ফেসবুক পেইজ ইনসাইড দ্য হারামাইন ফেসবুক পেজ।
সারা দেশে ছুটির আমেজ, রাজধানী প্রায় ফাঁকা : রাজধানীসহ সারা দেশে বিরাজ করছে ছুটির আমেজ। এই আমেজ চলবে ২৩ মার্চ পর্যন্ত। এবারের রোজার ঈদে সরকারি ছুটি মোট সাত দিন। গত সোমবার সরকারি-বেসরকারি সব অফিস-আদালত খোলা থাকলেও কর্মচাঞ্চল্য ছিল না। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কয়েক দিন আগে থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে রাজধানীবাসী। রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের ভিড়। গতকাল পর্যন্ত স্বাচ্ছন্দ্যেই রাজধানী ছেড়েছে যাত্রীরা। এতে প্রায় ফাঁকা হয়ে পড়ে রাজধানী।
ঈদুল ফিতরের আমেজ শুরু হয় আসলে রমজানের শুরু থেকেই। এবার বসন্তকালীন আবহাওয়ার মধ্যে সাধ্যমতো ঈদের কেনাকাটা সেরেছে সবাই। প্রিয়জনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীসহ বড় শহরগুলোতে থাকা কয়েক কোটি মানুষ গ্রামের বাড়িতে পৌঁছে গেছে। কেউ কেউ এখনো পথে বা ঘর ছাড়ার প্রস্তুতির মধ্যে।
যাত্রাপথ কিছুটা নির্বিঘ্ন : এবার ট্রেনে যাত্রীর সবচেয়ে বেশি চাপ দেখা গেলেও বেশির ভাগ ট্রেন সময়মতো ছেড়ে যাওয়ায় ঘরমুখো মানুষ তুলনামূলক স্বস্তিতে বাড়ি ফিরছে। তবে অতিরিক্ত যাত্রীচাপের কারণে অনেককে ট্রেনের ছাদে চড়ে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করতেও দেখা গেছে। অন্যদিকে বাস টার্মিনালগুলোতে যাত্রী থাকলেও কিছু রুটে বাসের সংখ্যা কম এবং তাৎক্ষণিক টিকিটে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোতে গতকাল বিকেলের পর যাত্রীর ভিড় বাড়ে। পদ্মা সেতুর কারণে যাত্রী কিছুটা কমলেও ঈদের সময় আরামদায়ক যাত্রার জন্য অনেকেই এখনো নৌপথ বেছে নিচ্ছেন। সব মিলিয়ে গত কয়েক দিনের ঈদযাত্রায় ট্রেনে ভিড়, বাসে ভাড়া বিতর্ক এবং লঞ্চে তুলনামূলক স্বস্তির চিত্র দেখা গেছে। তবে গতকাল সড়ক পথে এ পরিস্থিতির কিছুটা অবনতি ঘটে।
এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ঈদ সামনে রেখে জ্বালানি তেলের কৃত্রিম সংকট বাড়তে না দেওয়ায় ঈদযাত্রায় এবার বিঘ্ন ঘটেনি বলেই সরকারসংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। কার্যকর ব্যবস্থাপনা ও সমন্বিত উদ্যোগের ফলে এবার মহাসড়কে কোনো যানজট হবে না।
প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় এবং রোজাদারদের যেন সড়কে ইফতার করতে না হয়, সে জন্য সার্বক্ষণিকভাবে মহাসড়ক পর্যবেক্ষণ করা হচ্ছে। গার্মেন্টসসহ বিভিন্ন খাতের ছুটি শুরু হওয়ায় আজ (বুধবার) থেকে প্রায় ৪০ লাখ অতিরিক্ত মানুষ এই মহাসড়ক ব্যবহার করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, যাতে ঈদযাত্রায় কোনোভাবেই মানুষ ভোগান্তির শিকার না হয়। এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজট নেই এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। যান চলাচল সচল রাখতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি ডিআইজি, এসপিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি তদারকি করছেন। দলীয় নেতাকর্মীরাও পুলিশকে সহযোগিতা করার জন্য রাস্তায় রয়েছেন।
তবে ভুক্তভোগীরা জানান, গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় রাস্তায় মানুষের ঢল নামে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। গতকাল দুপুরের পর শুরু হওয়া যানজট বিকালের বৃষ্টির পর তীব্র আকার ধারণ করে। দীর্ঘ সময় ধরে সড়কে আটকে থেকে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে থেমে যানবাহন চলাচল করছিল। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনালসংলগ্ন প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। বিকালে বৃষ্টির কারণে যানজট তীব্র হয়। সন্ধ্যায় মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়কে কেন্দ্র করে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকা পড়ে দুর্ভোগে পড়েন ঘরমুখী মানুষ। এর আগে সকাল থেকে এই মহাসড়কের মৌচাক পর্যন্ত ১০ কিলোমিটারজুড়ে ছিল যানবাহনের দীর্ঘ সারী।
টানা তিন দিন বজ্রসহ শিলাবৃষ্টির আভাস : আগামী তিন দিন সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রামসহ আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তৈরি পোশাক শিল্পে অস্থিরতা কম : ঈদ সামনে রেখে প্রায় প্রতিবছরই তৈরি পোশাক (আরএমজি) শিল্পে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস নিয়ে অস্থিরতা দেখা গেলেও এবার স্বস্তিকর পরিস্থিতিই দেখা যাচ্ছে। রাজধানী ও চট্টগ্রাম শিল্পাঞ্চলে বেশির ভাগ কারখানায় শ্রমিকরা বেতন ও বোনাস হাতে পেয়েছেন। ফলে তাঁরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছেন।
তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ গত মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের কারখানাগুলোতে ঈদুল ফিতর সামনে রেখে শ্রমিক-কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে। এতে মোট দুই হাজার ১২৭টি সচল কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়।
বিজিএমইএ জানিয়েছে, জানুয়ারি মাসের বেতন প্রায় শতভাগ কারখানায় পরিশোধ করা হয়েছে। তবে ফেব্রুয়ারি ও মার্চ মাসের ক্ষেত্রে কিছু বকেয়া এবং অগ্রিম বেতন বকেয়া রয়েছে। উৎসব বোনাস সম্পন্ন করেছে প্রায় ৯৭.৭০ শতাংশ কারখানা, যেখানে ঢাকা অঞ্চলের তুলনায় চট্টগ্রাম কিছুটা পিছিয়ে রয়েছে।
বিজিএমইএ জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও শ্রমিকরা ধাপে ধাপে ঢাকা ছাড়বেন। তাতে বেতন ও বোনাস হাতে পাওয়া শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ছুটিতে যেতে পারবেন এবং একাধিক কর্মদিবসে ভিড় ও যানজট এড়ানো সম্ভব হবে। ছুটি শুরু হয়েছে গত ১৬ মার্চ। ওই দিন প্রায় ১৫ শতাংশ, ১৭ মার্চ প্রায় ৩৫ শতাংশ শ্রমিক রাজধানী ছেড়েছেন। ১৮ মার্চ সর্বোচ্চ ৪৫ শতাংশ এবং ১৯ মার্চ অবশিষ্ট ৫ শতাংশ শ্রমিক ঢাকা ত্যাগ করবেন। এই ধাপে ধাপে ছুটি ব্যবস্থা শ্রমিকদের জন্য স্বস্তি এবং শিল্পাঞ্চলে নিরাপদ, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করছে।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবিনিময় : ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় ঈদের দিন সকাল ১০টায় এই শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় এসে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মশায়েখ, শিল্পী ও সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় করবেন। ঈদের শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শেরেবাংলানগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। সেখানে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণেচ্ছু সব মুসল্লিকে অজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- আজ* চাঁদ,দেখানাগেলে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: