জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক অধ্যাপককে ফোন করে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে তার সন্তানকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষক।
জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষক মো. আতাউর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে কর্মরত। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালে তার ব্যক্তিগত মুঠোফোন নম্বরে অজ্ঞাতপরিচয় একটি নম্বর থেকে ফোন আসে।
অভিযোগ অনুযায়ী, ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে ‘আরমান’ নামে পরিচয় দিয়ে ওই শিক্ষকের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার সন্তানকে অপহরণের হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন ওই শিক্ষক। পাশাপাশি শারীরিক ক্ষতির আশঙ্কায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করেন।
এ বিষয়ে অধ্যাপক ড. মো. আতাউর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘দেশের এমন পরিস্থিতিতে অজ্ঞাতপরিচয় নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি এবং আমার সন্তানকে অপহরণের হুমকি দেওয়ার ঘটনায় আমি খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত। বিষয়টি আমার ও পরিবারের নিরাপত্তার জন্য উদ্বেগের।
এ ঘটনায় আমি আজ আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি আশা করছি, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘শিক্ষকের অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: