• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

ব্যবসায়ীকে ‘পুড়িয়ে হত্যার’ হুমকি: বিএনপি নেতা ফরিদ উদ্দিন গাজী দল থেকে অব্যাহতি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪৩ পিএম;
ব্যবসায়ীকে ‘পুড়িয়ে হত্যার’ হুমকি: বিএনপি নেতা ফরিদ উদ্দিন গাজী দল থেকে অব্যাহতি

পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা ফরিদ উদ্দিন গাজীকে দলীয় সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং জীবিত পুড়িয়ে মারার হুংকারসংক্রান্ত একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই ঘটনার ফলে দলের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
 এমতাবস্থায়, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ফরিদ উদ্দিন গাজীকে বাউফল উপজেলা বিএনপির সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি মেহেরুল সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটুল স্বাক্ষরিত ওই চিঠির অনুলিপি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্যসচিবসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গোবিন্দ চন্দ্র মণ্ডলকে হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ৫৭ সেকেন্ডের ওই অডিও ক্লিপে গোবিন্দ চন্দ্র মণ্ডলকে ‘পুড়িয়ে হত্যার’ হুমকি দিতে শোনা যায়।

উল্লেখ্য, ভুক্তভোগী গোবিন্দ চন্দ্র মণ্ডল বাউফল সদর ইউনিয়নের বাসিন্দা এবং ঢাকায় জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত। আসন্ন ইউপি চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি এলাকায় ব্যানার ও ফেস্টুন টানিয়েছিলেন। তার অভিযোগ, প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে বিভিন্ন উপায়ে হুমকি দেওয়া হচ্ছিল।

এদিকে, হুমকির অভিযোগ ওঠার পর ফরিদ উদ্দিন গাজীকে অন্য একটি মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন