• ঢাকা
  • সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বাউফলে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন নিয়ে তোলপাড়।


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৫ পিএম;
বাউফলে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন নিয়ে তোলপাড়

লিটু দেবনাথ, পটুয়াখালী জেলা প্রতিনিধি :

 

পটুয়াখালীর বাউফল উপজেলায় দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয়ের ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। 

বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত শনিবার (৩০ মে) রাতে ফেসবুকে আওয়ামী লীগ কার্যালয়ের ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা উত্তোলনের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তবে ঠিক কখন এবং কারা পতাকাগুলো উত্তোলন করেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা জুড়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ ঘটনাটিকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে উসকানিমূলক কর্মকাণ্ড বলে মন্তব্য করছেন।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আত্মগোপনে থাকা কিছু নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে নিজেদের রাজনৈতিক উপস্থিতির ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। অপরদিকে বিএনপি, জামায়াত ও এনসিপির বিভিন্ন নেতা-কর্মী এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে কেউ গোপনে পতাকা উত্তোলন করে চলে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। 

জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দলীয় পতাকাটি সরিয়ে ফেলা হয়েছে।”
তিনি আরও জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে।
উল্লেখ্য, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হকের অনুসারীরা বাউফলের ওই কার্যালয়টি ব্যবহার করতেন। ২০২৪ সালের ৫  আগস্টের পর থেকে কার্যালয়টি বন্ধ রয়েছে। প্রায় দুই বছর পর বন্ধ কার্যালয়ে পতাকা উত্তোলনের ঘটনাটি নতুন করে রাজনৈতিক আলোচনা সৃষ্টি করেছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন