• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে সরকারি ছুটির দাবি গলাচিপার শিক্ষকদের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১৩ পিএম;
বিশ্ব শিক্ষক দিবসে সরকারি ছুটির দাবি গলাচিপার শিক্ষকদের

পটুয়াখালী প্রতিনিধি:

 

“শিক্ষকের কণ্ঠে শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণার জোর দাবি জানান।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভাপতির বক্তব্যে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, “শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান কারিগর। একটি উন্নত, মানবিক ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে শিক্ষকদের যথাযথ মর্যাদা, সম্মান ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।”

তিনি আরও বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে শিক্ষকদেরও নতুন জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষ করে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষকদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধি করা প্রয়োজন। বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকদের অবদানের প্রতি সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ দিন।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মোস্তফা ও গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমানসহ অন্যান্য বক্তারা শিক্ষকদের রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা অবিলম্বে বিশ্ব শিক্ষক দিবসকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মু. খালিদ হোসেন মিল্টন, মো. আবুল কালাম, মো. গোলাম সগির, মুঃ মোশাররফ হোসাইন, মাওলানা আবুল হোসেন ও মো. রেজাউল করিম তালাল প্রমুখ।

বক্তারা বলেন, একটি দেশের শিক্ষাব্যবস্থার মান উন্নয়নের সঙ্গে শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধার বিষয়টি সরাসরি সম্পৃক্ত। তাই শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, আধুনিক সুযোগ-সুবিধা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। পাশাপাশি বিশ্ব শিক্ষক দিবসকে সরকারি ছুটির দিন ঘোষণা করলে দিবসটির গুরুত্ব ও শিক্ষকদের প্রতি রাষ্ট্রীয় সম্মান আরও দৃশ্যমান হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন