• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

লালমনিরহাটে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০২ পিএম;
লালমনিরহাটে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:

 

লালমনিরহাটের আদিতমারীতে পূর্ব শত্রুতা ও পূর্বপরিকল্পনার জেরে এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (৪ অক্টোবর) রাতে আহত ব্যবসায়ী রিদু মিয়া বাদী হয়ে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত রিদু মিয়া উপজেলার পলাশী ইউনিয়নের পূর্ব তালুক পলাশী গ্রামের মৃত মেছের আলীর ছেলে। পেশায় তিনি একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী।

অভিযুক্তরা হলেন—উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের মমিনুর রহমান, মিজানুর রহমান ও সাগর আলী।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার রাতে স্থানীয় নামুড়ি বাজার থেকে মাছ বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন রিদু মিয়া। পথিমধ্যে ম্যালম্যালি বাজার এলাকায় পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তার গতিরোধ করেন। এ সময় তাকে এলোপাতাড়ি মারপিট ও ছুরিকাঘাত করে পকেটে থাকা ব্যবসার ৪৬ হাজার ৭৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা। 
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালের বেডে চিকিৎসাধীন মাছ ব্যবসায়ী রিদু মিয়া কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘ছিনতাইকারীরা জোরপূর্বক আমার টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমাকে মারধর করে এবং ছুরি দিয়ে আঘাত করে। মাটিতে পড়ে যাওয়ার পর তারা পকেটের সব টাকা নিয়ে পালিয়ে যায়। 
জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে। আমি একজন গরিব ক্ষুদ্র ব্যবসায়ী, আমার পুরো পুঁজিটুকু তারা কেড়ে নিয়েছে। এখন আমি ব্যবসা করব কী দিয়ে, আর পরিবার চালাব কীভাবে?’ তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযুক্তদের একজন মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে তার মাথা ফেটে গেছে বলে শুনেছি। টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি।’ 

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন