আলফাডাঙ্গায় পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
আলফাডাঙ্গা
(ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্বশত্রুতার কারণে মো. হোসেন মৃধা (৪০) নামের এক ব্যক্তিকে ভ্যান থেকে নামিয়ে পিটিয়ে জখম, দাঁত ভেঙে ফেলা এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে গত শনিবার (০৪ অক্টোবর) রবিবার সকাল সাড়ে ৯টার দিকে আলফাডাঙ্গা থানাধীন ১ নম্বর বুড়াইচ ইউনিয়নের বুড়াইচ বটতলা সরকারি পাকা রাস্তার ওপর।
এজাহারনামীয় প্রধান আসামি বুড়াইচ গ্রামের মো: রহিম শেখ এর ছেলে মো. সবুজ শেখ (৩০) ও মো: সজীব শেখ(২৮) সহ ৭ জন এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জন।
আসামিরা সকলেই আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ এলাকার বাসিন্দা।
ঘটনার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদী মো. হোসেন মৃধার সঙ্গে বিবাদীদের রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৪ অক্টোবর সকালে বাদী ও সাক্ষীরা আলফাডাঙ্গা বাজার থেকে ভ্যানে করে বুড়াইচ বটতলা পাকা রাস্তায় পৌঁছালে আসামিরা বাঁশের লাঠি, লোহার রড, হকিস্টিক, রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের পথরোধ করেন।
পরে বাদীকে ভ্যান থেকে নামিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে ১ নম্বর আসামি মো. সবুজ শেখ লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে বাদীর একটি দাঁত ভেঙে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে। হামলায় ২ নম্বর আসামি মো. সজিব শেখ এসএস পাইপ দিয়ে আঘাত করে এবং বাদীর পকেটে থাকা নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে আসামিরা বাদীকে জোর করে পার্শ্ববর্তী জমিদার বাড়িতে নিয়ে যায় এবং আসামি রিফাত শেখ তাঁকে একটি পরিত্যক্ত ঘরের ভেতরে আটকে রাখে। পরবর্তীতে আশপাশের লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
তখন স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত মো. হোসেন মৃধাকে উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকেই তাঁর ভাতিজা মুজাহিদ মৃধার মাধ্যমে লিখিত এজাহারটি থানায় দাখিল করেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সোহেল সারোয়ার জানান, এজাহারটি আমলে নিয়ে মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং-৪, তারিখ: ৪-১০-২০২৬ ইং
অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অভিযোগের বিষয়ে প্রধান মূল অভিযুক্ত সবুজ শেখ এর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: