আলফাডাঙ্গায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ভ্যানচালক আটক
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় ৫ বছর বয়সী শিশুশ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেকেন থান্দার (৬৫) নামে এক বৃদ্ধ ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার বেজীডাঙ্গা বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত মেকেন থান্দার আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম পূর্বপাড়া গ্রামের মৃত নিজাম থান্দারের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫-২০ দিন আগে জাটিগ্রাম পূর্বপাড়া এলাকার আব্দুর রহিম মুন্সীর শিশু কন্যাকে বিস্কুট ও চকলেটের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে যান অভিযুক্ত মেকেন থান্দার। ওই দিন সকাল আনুমানিক ১১টার দিকে স্থানীয় বেজীডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের সামনের একটি মুদি দোকান থেকে শিশুটিকে ডেকে নেওয়া হয়। পরে স্কুলের শৌচাগারে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি এতদিন চাপা থাকলেও সম্প্রতি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার বিকেলে স্থানীয় জনতা অভিযুক্ত মেকেন থান্দারকে বেজীডাঙ্গা বাজার এলাকা থেকে আটক করে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনরোষ থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত মেকেন থান্দারের বিরুদ্ধে পূর্বেও এ ধরনের একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা পুলিশ জানায়, অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: