গলাচিপায় সড়ক সংস্কারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙা থেকে বদনাতলী খেয়াঘাট পর্যন্ত সড়কের অসমাপ্ত সংস্কারকাজ দ্রুত শেষ করে চলাচলের উপযোগী করার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারকাজ অসমাপ্ত থাকায় সড়কটির বিভিন্ন অংশ ভেঙে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে রতনদী তালতলী, চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। মাটিভাঙা-বদনাতলী সড়কটি উপজেলা সদর ও জেলা শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ হাজারো মানুষ এ পথ দিয়ে যাতায়াত করেন। কিন্তু কাজ অসম্পূর্ণ থাকায় সড়কটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে।
বক্তারা আরও জানান, সড়কের বেহাল দশার কারণে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। বিশেষ করে কোনো রোগী অসুস্থ হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা শহরে নিতে চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া বর্ষা মৌসুমে পানি ও কাদার কারণে পরিস্থিতির আরও অবনতি ঘটে। দ্রুত সংস্কারকাজ শেষ না হলে স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছাবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে অনতিবিলম্বে অসমাপ্ত কাজ সম্পন্ন করা, কাজের গুণগত মান নিশ্চিত করা এবং টেকসইভাবে সড়কটি সংস্কারের জোর দাবি জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নিয়াজ মাহমুদ নকীব, রতনদী তালতলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহ আলম খলিফা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শিকদার মো. শাহজালাল, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সজীব হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন মাতুব্বরসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: